নেইমারের চোখের জল, কাঁদল শোবিজও, ব্রাজিল বিদায়ে তারকাদের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। দলের হার, কোটি সমর্থকের স্বপ্নভঙ্গের গল্পও। সেই বেদনার কেন্দ্রবিন্দুতে আছেন নেইমার জুনিয়র।

- Advertisement -

ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপ শেষ হলো শিরোপার স্বপ্ন অপূর্ণ রেখেই। মাঠে শেষ বাঁশি বাজার পর তার হতাশ মুখভঙ্গি আর জার্সিতে মুখ লুকিয়ে থাকা ছবিই এখন বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের আবেগের প্রতীক।

- Advertisement -
google news follower

এই আবেগ ছুঁয়ে গেছে দেশের বিনোদন অঙ্গনকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা জানিয়েছেন অভিনয়শিল্পীরা।

অভিনেতা রওনক হাসান পরাজয়ের পর তোলা নেইমারের একটি বেদনাময় ছবি প্রকাশ করে তাকে আখ্যা দিয়েছেন ‘ফুটবলের দুঃখী রাজপুত্র’ হিসেবে।

- Advertisement -
islamibank

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ফুটবলের দুঃখী রাজপুত্র! বিশ্বকাপে ম্যাচের শেষ মিনিটে গোল দিয়ে শেষ হলো বিশ্বকাপ যাত্রা! মুকুটহীন রাজপুত্র তোমাকে ভালোবাসি!’

অভিনেতা জিয়াউল হক পলাশও শেয়ার করেছেন জার্সিতে মুখ লুকিয়ে থাকা নেইমারের ছবি। তার ভাষায়, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

অভিনেত্রী পারসা ইভানা পরাজয়ের মধ্যেও স্মরণ করেছেন নেইমারের লড়াইকে। ইনজুরি ও শারীরিক কষ্ট নিয়েও মাঠে তার নিবেদনকে শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘ব্যথা ও মারাত্মক ইনজুরি নিয়েও এগিয়ে গেছ, শান্তভাবে পেনাল্টি জালে জড়িয়েছ। তোমার জাদু আমরা চিরকাল মনে রাখব।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর পোস্টেও ছিল একই আবেগ। ব্রাজিলের লোগোসংবলিত কালো জার্সি পরে নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি।

মুখে হাসি থাকলেও সেই হাসির আড়ালে ছিল প্রিয় দলের বিদায়ের কষ্ট। ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি।

ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব।’

মেটলাইফ স্টেডিয়ামে গত রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচে ২–১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শেষ বাঁশির পর শুধু স্টেডিয়াম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমও ভরে ওঠে হতাশা, ভালোবাসা আর অপূর্ণ স্বপ্নের গল্পে।

বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিলের জন্য। তবে সমর্থকদের আবেগ বলছে, নেইমারের প্রতি ভালোবাসা কিংবা তার ফুটবল-জাদুর স্মৃতি এত সহজে শেষ হওয়ার নয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ