বগাকে ঘিরে নগর ভবনে উত্তেজনা, অভিযান শেষে পুলিশের খালি হাতে ফেরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেফতার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অভিযান চালিয়েছে নগর পুলিশ। প্রায় এক ঘণ্টা অবস্থান করেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

- Advertisement -

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

- Advertisement -
google news follower

একপর্যায়ে পুলিশ ও সেখানে জড়ো হওয়া লোকজনের মধ্যে তর্ক-বিতর্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্র জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা-পুলিশ। তবে পুলিশ নগর ভবনের ভেতরে প্রবেশ করেনি।

- Advertisement -
islamibank

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ ও খুলশী জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে নগর ভবনের সামনে বগার অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত লোকজনের তর্ক-বিতর্ক শুরু হয়। এতে নগর ভবনের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত সাংবাদিকদেরও শাসানোর অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে।

তবে এতকিছুর পরও শেষ পর্যন্ত ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাত ১০টার দিকে নগর ভবনের সামনে থেকে পুলিশ সদস্যরা চলে যান।

অভিযানের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ ও উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তাঁদের ক্ষুদে বার্তাও পাঠানো হয়। তবে এ বিষয়ে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

এরপর থেকেই তাকে গ্রেফতারে পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি খুলশীতে কিশোর হৃদয় হত্যাকাণ্ডে জড়িত ‘সেভেন স্টার’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনায় বগা ও তার ভাইয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৪ অক্টোবর বগার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ