চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বার্তায়। পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে সতর্ক করা হয়েছে তাঁকে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিমের সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বিদেশি একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে এসব বার্তা পাঠানো হয়েছে।
বার্তাগুলোতে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে তাঁকে সতর্ক করা হয়।
গ্রেপ্তার অব্যাহত রাখলে তাঁর জীবন বিপন্ন হবে বলেও হুমকি দেওয়া হয়। এমনকি একটি বার্তায় তাঁকে ‘কাফনের কাপড় প্রস্তুত রাখতে’ বলা হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুমকিদাতার ব্যবহৃত নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




