চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কোতোয়ালী থানাধীন ওসমানিয়া লেনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।
কোতোয়ালী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা সাজা পরোয়ানা কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আব্দুল মালেককেও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




