চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশের জমি থেকে অশোক শীল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যু হৃদ্রোগে, নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে-তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।
ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন অশোক শীল (৫৫)। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরছিলেন না তিনি।
পরে স্বজনেরা খুঁজতে গিয়ে জমিতে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহ নিজেদের হেফাজতে নেয় বোয়ালখালী থানা-পুলিশ।
নিহত অশোক শীল উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীল বাড়ির বাসিন্দা। তিনি মৃত মনিন্দ্র লাল শীলের ছেলে। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। তাঁর চার মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে অশোক শীলের মৃত্যু হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। ফলে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুর ১২টার দিকে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ির পাশের একটি জমিতে যান অশোক শীল।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে জমিতে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক জানান, বিকেলে অশোক শীলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, অশোক শীলের মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




