চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের তল্লাশিচৌকিতে একটি বাস থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান চালায় জোরারগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। তাঁদের হেফাজত থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে যাচ্ছেন।
এ তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে।
পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রীর হেফাজত থেকে পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




