ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি, অভিযুক্ত হিসেবে দুজনের নাম বললেন আহত আবছার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে দোকানে ঢুকে মো. আবছার চৌধুরী (৩২) নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে অস্ত্রধারীরা।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।

পেশায় স্থানীয় ব্যবসায়ী হলেও এলাকায় তিনি থানা-পুলিশের সোর্স হিসেবে পরিচিত। তবে তাঁকে পেশাদার সোর্স হিসেবে মানতে নারাজ ফটিকছড়ি থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজের দোকানে বসে ছিলেন আবছার। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী সেখানে আসে।

এরপর তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে আবছারের শরীরের বিভিন্ন অংশে চার থেকে পাঁচটি জখম হয়।

হাসপাতালে নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামের দুজনের কথা উল্লেখ করেন আবছার চৌধুরী।

তবে কী কারণে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে, কিংবা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. মো. রাশেদুল ইসলাম জানান, আবছারের হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, কয়েকজন অস্ত্রধারী দোকানে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়।

আহত আবছারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আবছার পুলিশের পেশাদার সোর্স নন বলে দাবি করেন ওসি। তিনি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ