পাহাড় ধসে বন্ধ চট্টগ্রাম-কাপ্তাই সড়ক,ঝুঁকিতে শত শত পরিবার

অনলাইন ডেস্ক

টানা অতিবর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধস ও উপড়ে পড়া একটি বড় গাছের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

- Advertisement -

একই সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর এসে পড়ে।

- Advertisement -
islamibank

একই সময়ে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যাওয়ায় উভয় দিক থেকে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং প্রত্যক্ষদর্শী কাপ্তাই বিউবো স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উপড়ে পড়া গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে টানা বর্ষণে কাপ্তাই নতুন বাজারের ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত প্রায় ৫০০ পরিবারকে নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।

তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেন।

ইউএনও মো. রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস, বসতভিটার ক্ষতি এবং জনদুর্ভোগের খবরও পাওয়া যাচ্ছে।

স্থানীয় প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ