চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মাসুম (২৮) মারা গেছেন। বন্ধুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি।
তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
নিহত মাসুম নগরের আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন আকবরশাহ থানার তিন নম্বর ঝিল এলাকার মো. হাসান, গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির, অনিক, সাইফুল ও মো. আজম।
নিহতের মামা ও মামলার বাদী হাফিজুর রহমান জানান, মাসুমের বন্ধু মো. শাহাদাত হোসেন গাড়ি চালান। তাঁর সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হলে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান মাসুম।
এ সময় শাহাদাত ও মাসুম দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক শাহাদাত তা দিতে অস্বীকৃতি জানান।
এ নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।
পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মাসুমের মৃত্যু হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।




