চাপ কমাতে ৪ উপজেলায় নতুন উপশহরসহ সিডিএ চেয়ারম্যানের একাধিক প্রস্তাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি উপজেলায় স্যাটেলাইট সিটির আদলে পরিকল্পিত নতুন উপশহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

- Advertisement -

রোববার বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। একই সঙ্গে সিডিএর চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

- Advertisement -
google news follower

সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম মহানগরের ওপর বাড়তে থাকা চাপ দীর্ঘমেয়াদে টেকসইভাবে মোকাবিলা করতে হলে নগর সম্প্রসারণকে পরিকল্পনার মধ্যে আনতে হবে।

সে লক্ষ্যেই মাস্টার প্ল্যান অনুযায়ী হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় আধুনিক ও পরিকল্পিত উপশহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।

- Advertisement -
islamibank

তার মতে, এসব উপশহর গড়ে উঠলে নগরায়ণ হবে আরও সুষম। একই সঙ্গে জনঘনত্ব ও যানজট কমবে, নাগরিক সেবার পরিধি বাড়বে এবং ভবিষ্যতের নগর সম্প্রসারণ হবে আরও টেকসই।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত চেয়ারম্যানদের সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জনগণের দুর্ভোগ কমানোর নির্দেশ দেন।

তিনি নগরগুলোকে আরও নান্দনিক, সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদেরও সচেতন করতে হবে।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

বৈঠকে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তার জন্মস্থান সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন।

তিনি সেখানে একটি আধুনিক সি-ট্রাক চালু এবং উভয় পাড়ের ফেরিঘাটে টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানান।

তিনি বলেন, সন্দ্বীপ সিডিএর আওতাভুক্ত না হলেও জন্মস্থান হিসেবে সেখানকার মানুষের প্রতি তার ব্যক্তিগত দায়বদ্ধতা রয়েছে।

তার এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি আধুনিক সি-ট্রাক চালু এবং ফেরিঘাট উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান সিডিএ চেয়ারম্যান।

অন্যদিকে, টানা ভারী বৃষ্টির মধ্যেও চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সরকারি কর্মসূচিতে ঢাকায় অবস্থান করলেও তিনি মুঠোফোনে প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দিন, সেনাবাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

তিনি নালা-নর্দমা পরিষ্কার রাখা, ঝুঁকিপূর্ণ নিচু এলাকা পরিদর্শন এবং কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিডিএ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন।

এতে চলমান প্রকল্পগুলোর কাজের গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ