চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীসংলগ্ন তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের হালদা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অবৈধভাবে উত্তোলন করে মজুত করা এসব বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দেসহ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এ অভিযানের মধ্য দিয়ে হালদা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।




